কুড়িগ্রাম প্রতিনিধি: নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহ-সেক্রেটারি শাহজালাল সবুজের দলীয় পদ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন।
জানা গেছে, “ভিশন এন্টারপ্রাইজ” নামে একটি ডিলারশিপ ব্যবসার প্রলোভন দেখিয়ে কুড়িগ্রাম জেলা জামায়াত ও এর অঙ্গসংগঠনের শতাধিক সাবেক ও বর্তমান নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১২ কোটি টাকা বিনিয়োগ নেওয়া হয়। শুরুতে কিছুদিন বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়া হলেও পরবর্তীতে সম্পূর্ণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।
প্রতিষ্ঠানটির দলিল অনুযায়ী এর মালিক ছিলেন চারজন-শাহজালাল সবুজ, রফিকুল ইসলাম (সাবেক প্রচার সম্পাদক), রফিকুল ইসলাম (সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক, ইসলামী ছাত্রশিবির) এবং ইঞ্জিনিয়ার আ. সালাম সুজা। ২০২০ সালের ৮ নভেম্বর প্রতিষ্ঠানটি চালু করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীরা জেলা আমীরের কাছে লিখিত অভিযোগ দিলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় পর্যায়ে পাঠানো হলে শাহজালাল সবুজকে দোষী সাব্যস্ত করা হয়। এর প্রেক্ষিতে তার রোকনিয়াত তিন মাসের জন্য স্থগিত এবং দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান স্বপন বলেন, “দলের ভেতরে কারো কোনো অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এদিকে, অন্য জড়িতদের বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। কুড়িগ্রাম সদর উপজেলার এক ভুক্তভোগী বলেন, “সংগঠনের পরিচয় ব্যবহার করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। এখন তা ফেরত না দিয়ে নানা অজুহাত দেওয়া হচ্ছে। আমরা দ্রুত আমাদের টাকা ফেরত চাই।”
আরেকজন ভুক্তভোগী জানান, প্রয়োজনে তারা আন্দোলনে নামবেন এবং আইনগত পদক্ষেপ নেবেন।
তবে ভুক্তভোগীদের অর্থ ফেরতের বিষয়ে দলীয়ভাবে চেষ্টা চলছে এবং এ নিয়ে একাধিক দফায় আলোচনা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
