স্টাফ রিপোর্টার : গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাভারে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেলে সাভার মডেল মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা জেলা জামায়াতের নেতাকর্মীরা। পরে, আনুমানিক এক কিলোমিটার দীর্ঘ একটি মিছিল বের করে দলটির নেতা-কর্মীরা। মিছিলটি পাকিজা-গেন্ডা ইউটার্ণ ঘুরে ভাগলপুর মাঠে এসে শেষ হয়। এ মাঠে সন্ধ্যার পর জুলাই স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জুলাই আন্দোলনের বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠানে জামায়াত সমর্থিত ঢাকা জেলার ৭টি সাংস্কৃতিক দল জুলাই স্মৃতিচারণ করে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেছে।
গণমিছিলের আগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন। সভায় বক্তব্য রাখেন দলের ঢাকা জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, জামায়াত নেতা মো: শাহিনূর ইসলাম, মাওলানা আফজাল হোসাইন, মাওলানা শাহাদাৎ হোসাইন, এডভোকেট শহিদুল ইসলাম, হাসান মাহবুব মাস্টার, লুৎফর রহমান খান, মো: হারুনুর রশিদ প্রমুখ।
গণমিছিলের আগে আয়োজিত সমাবেশে বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে হাজির হয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় নেতারা দ্রুত সময় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে তারা বলেন, আমরা একসময় কাঁধে কাধ মিলিয়ে রাজনীতি করেছি। একসাথে ফ্যাসিজমকে বিদায় করেছি। এখন আপনারাই যদি আবার নতুন করে ফ্যাসিবাদের সৃষ্টি করেন, তাহলে জাতির জন্য এটা হবে সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা। আপনারা জনগণকে ভোগান্তির মধ্যে ফেলবেন না। রাষ্ট্রকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা, দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ করুন এবং বিরোধীদলের দাবি বাস্তবায়ন করেন।
