বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে আইনশৃঙ্খলা সভায় উত্তেজনা, দুপ্রক সভাপতিকে বের করে দিলেন বিএনপি নেতারা
daily-fulki

সিংগাইরে আইনশৃঙ্খলা সভায় উত্তেজনা, দুপ্রক সভাপতিকে বের করে দিলেন বিএনপি নেতারা

 

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)  :মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিএনপির নেতাকর্মীদের আপত্তির মুখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুছ সভাকক্ষ ত্যাগ করতে বাধ্য হন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ঘটনা ঘটে। সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার।

সভার শুরুতেই জেলা বিএনপির সদস্য মো. আলাউদ্দিন অভিযোগ করে বলেন, "আমরা আওয়ামী লীগের দোসরদের সঙ্গে আইনশৃঙ্খলা সভা করতে পারি না।"

এ সময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শফিউদ্দিন, সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী লাইলী বেগম তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুছকে সভাকক্ষ ত্যাগ করার আহ্বান জানান।

এ সময় সভাকক্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুছ সভা থেকে বের হয়ে যান।

ঘটনার পর ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুছ বলেন, "আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। আমি সিংগাইর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হিসেবে সভায় অংশ নিয়েছি।"

তবে স্থানীয় সূত্রে জানা যায়, তিনি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার বলেন, "নিয়ম অনুযায়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আইনশৃঙ্খলা কমিটির সদস্য। সে কারণেই তাকে সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি যে আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য, তা আমাদের জানা ছিল না। বিষয়টি পরবর্তী সভার আগেই সমাধানের চেষ্টা করা হবে।"

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সর্বাধিক পঠিত