বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
daily-fulki

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন


সিলেট সংবাদদাতা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সিলেটের পাঁচ উপজেলায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশও দায়িত্ব পালন করবে।

৩০ জুলাই বৃহস্পতিবার সকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।

এনসিপির কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে একই ধরনের কর্মসূচি রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পাঁচটি উপজেলায় বিজিবি মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য বিজিবি মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে।

২৯ জুলাই বুধবার সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর দুই দিনের জন্য বিজিবি মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে পাঁচ উপজেলায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। কয়েকটি স্থানে সূর্যাস্তের পরও কর্মসূচি থাকায় এবং এলাকাগুলো সীমান্তসংলগ্ন হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি বিজিবিও দায়িত্ব পালন করবে।

এদিকে এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল জানান, জেলার পাঁচ উপজেলায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

 

সর্বাধিক পঠিত