ফুলকি ডেস্ক : ভারতে প্রশ্নপত্র ফাঁসবিরোধী আন্দোলনের অন্যতম মুখ এবং ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে তার কাছে বিয়ের প্রস্তাবও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিতের মা অনিতা দীপকে বলেন, আন্দোলন শুরুর আগেও ছেলের জন্য বিয়ের প্রস্তাব আসত। তবে জাতীয় পর্যায়ে পরিচিতি পাওয়ার পর সেই সংখ্যা অনেক বেড়েছে।
তিনি বলেন, ‘আগেও প্রস্তাব আসত, কিন্তু এখন আগের তুলনায় অনেক বেশি মানুষ যোগাযোগ করছেন।’
অনিতা দীপকে জানান, যুক্তরাষ্ট্রের বোস্টনে উচ্চশিক্ষার সময়ও পরিবার থেকে অভিজিতের বিয়ের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তবে সে সময় তিনি এ বিষয়ে স্পষ্ট কোনো মত দেননি। বিয়ের প্রসঙ্গ উঠলেই তিনি হেসে বিষয়টি এড়িয়ে যেতেন।
তিনি আরও বলেন, বাবা-মা হিসেবে তারা চান অভিজিৎ এবার সংসারজীবন শুরু করুক। কয়েক দিনের মধ্যে তিনি বাড়ি ফিরলে বিষয়টি নিয়ে আবারও আলোচনা করবেন। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার ছেলেরই থাকবে।
৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা। যুক্তরাষ্ট্রের বোস্টনে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে তিনি তরুণদের সংগঠিত করে প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়ে জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন।
