কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও বন বিভাগ, কুড়িগ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সকল নাগরিককে অন্তত একটি ফলদ, বনজ অথবা ঔষধি গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান। বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
উদ্বোধন শেষে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলা আগামী ১ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। আয়োজকরা জেলার সর্বস্তরের মানুষকে মেলায় অংশগ্রহণ এবং বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
