আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার জামগড়ায় চাঁদা দাবি, অপহরণকে কেন্দ্র করে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিম্মি হওয়া ভবনের কেয়ারটেকারকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) সকালে জামগড়ার চৌধুরী প্লাজায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কয়েকজন সন্ত্রাসী চৌধুরী প্লাজার পঞ্চম তলায় প্রবেশ করে। তারা ভবনের কেয়ারটেকার লিমাকে জিম্মি করে মালিকপক্ষের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা লিমাকে সঙ্গে নিয়ে ভবনের বিভিন্ন লকারে টাকা খোঁজার চেষ্টা চালায়।
দীর্ঘ সময় কেয়ারটেকার লিমার কোনো খোঁজ না পেয়ে ভবনের লোকজনের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি আশুলিয়া থানায় জানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা লিমাকে সামনে রেখে বের হওয়ার চেষ্টা করে। এ সময় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত বাপ্পি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে লিমাকে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক-উত্তর) জাহাঙ্গীর আলম বলেন, বাপ্পি একাধিক মামলার আসামি। সকাল আনুমানিক ৭টার দিকে তিনি আরও তিন সহযোগীকে নিয়ে ভবনটিতে প্রবেশ করেন এবং কেয়ারটেকারকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টা করেন। তবে পুলিশের উপস্থিতিতে তারা টাকা নিতে পারেনি। জিম্মিকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, পুলিশের প্রধান লক্ষ্য ছিল জিম্মিকে উদ্ধার করা। সে লক্ষ্য পূরণ হলেও গোলাগুলির মধ্যে প্রধান অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রকাশ্য দিবালোকে এ ঘটনার পর জামগড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
