ধামরাই প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবাস সাহা ও সুজয় সাহা। আবাস শাহা মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে। তিনি উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ইসলামপুর এলাকায় মূল লেনে একটি বাস নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।
বাসটির পেছনে কয়েকটি যানবাহন একে অপরকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে আবাস সাহা ও সুজয় সাহা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
