স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতিরা আইন অনুযায়ী অবসরভাতা, চিকিৎসাসেবা, প্রটোকলসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এসব সুবিধার বিধান রয়েছে রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৬-এ।
আজ শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর বিষয়টি আলোচনায় এসেছে। তিনি শারীরিক অসুস্থতা ও দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনের কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তা গ্রহণ করেন এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন।
আইন অনুযায়ী, অন্তত ছয় মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে মেয়াদ পূর্ণ করা বা পদত্যাগ করা ব্যক্তিরা এসব সুবিধা পাওয়ার যোগ্য।
আইনে বলা হয়েছে, একজন সাবেক রাষ্ট্রপতি সর্বশেষ মূল বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পান। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী, তা মাসে ৯০ হাজার টাকা।
তবে রাষ্ট্রপতি হওয়ার আগে অন্য কোনো সরকারি চাকরি থেকে অবসরভাতা পেয়ে থাকলে, তিনি দুটি অবসরভাতার মধ্যে যেকোনো একটি গ্রহণ করতে পারবেন।
সাবেক রাষ্ট্রপতিরা চাইলে মাসিক অবসরভাতার পরিবর্তে এককালীন আনুতোষিকও নিতে পারেন। এ ক্ষেত্রে অবসরের এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হয়।
যদি কোনো সাবেক রাষ্ট্রপতি অবসরভাতা গ্রহণের আগেই মারা যান, তাহলে আইন অনুযায়ী তিনি আনুতোষিক গ্রহণে আগ্রহী ছিলেন বলে বিবেচিত হবে। সে ক্ষেত্রে তার মনোনীত ব্যক্তি অথবা উত্তরাধিকারীরা আনুতোষিক পাওয়ার অধিকারী হবেন।
অবসরভাতার পাশাপাশি সাবেক রাষ্ট্রপতিরা একজন ব্যক্তিগত সহকারী, একজন সহায়ক কর্মী এবং এ-সংক্রান্ত সরকারি ব্যয়ও পান। এছাড়া একজন মন্ত্রীর সমপরিমাণ সরকারি চিকিৎসাসুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, বাসভবনে টেলিফোন সংযোগ, নির্ধারিত বিল সুবিধা, দেশের ভেতরে ভ্রমণের সময় সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুযোগ এবং সরকারি অনুষ্ঠানে ব্যবহারের জন্য সরকারি যানবাহনের সুবিধাও পান।
তবে আইনে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। রাষ্ট্রপতির দায়িত্ব শেষে যদি কেউ এমন কোনো সরকারি পদে দায়িত্ব নেন, যেখানে সংযুক্ত তহবিল থেকে বেতন বা অন্য সুবিধা পান, তাহলে এ আইনের আওতায় নির্ধারিত সুবিধা প্রযোজ্য হবে না।
এছাড়া কোনো সাবেক রাষ্ট্রপতি নৈতিক স্খলনজনিত অপরাধে আদালতের রায়ে দণ্ডিত হলে বা সুপ্রিম কোর্ট তাকে অসাংবিধানিক বা অবৈধভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণকারী হিসেবে ঘোষণা করলে তিনি এসব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার হারাবেন।
