কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে ‘জুলাই পদযাত্রা ও সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল পৌনে ৫টায় কুড়িগ্রাম শহরের বিজয়স্তম্ভ চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে বিকেল সাড়ে ৫টায় শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সদস্য ড. আতিক মুজাহিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবি জানান। তারা অভিযোগ করেন, সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন না করে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। একই সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোতে মাদক চোরাচালান ও অবৈধ পুশইন প্রতিরোধে সরকারের ব্যর্থতার অভিযোগও তোলেন তারা।
বক্তারা আরও বলেন, সীমান্ত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সময়ের দাবি। এ সময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির প্রতি সমর্থন জানান।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
