স্টাফ রিপোর্টার : সাভারে রিকশা চোর সন্দেহে গণপিটুনিতে আবুল খায়ের পাটোয়ারী (২৭) নামে এক প্রতিবন্ধী যুবক নিহতের ঘটনায় গ্রেফতার ৩ সন্দেহ ভাজন হত্যাকারীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তারা হলেন, রিক্সা গ্যারাজ মালিক নুরুজ্জামান, অটোরিকশা চালক শুভ ও অটোরিকশা চালক আলমগীর।
এরআগে সোমবার রাতে মানসিক প্রতিবন্ধী আবুল খায়ের পাটোয়ারীকে রিক্সা চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। তার বাড়ি চাঁদপুর জেলার সদর থানার কল্যাণপুর দাসাদী গ্রামে। তার পিতার নাম লোকমান পাটোয়ারী।
পরিবারের সদস্যরা জানান, বাড়ি থেকে গত শনিবার কিছু না বলে বের হন মানসিক প্রতিবন্ধী আবুল খায়ের পাটোয়ারী। সোমবার রাতে চোর সন্দেহে তাকে সাভার পৌর এলাকার উলাইল কুতঘর এলাকায় পিটিয়ে হত্যা করা হয়।
সাভার মডেল থানার এস আই রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
