আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিক ও ফেডারেশনের নেতারা।
বুধবার (২২ জুলাই) সকালে আশুলিয়ার টঙ্গীবাড়ী এলাকায় বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের ব্যানারে এ মানববন্ধন করেন তারা।
এ সময় বক্তারা জানান, বেআইনিভাবে একটি কারখানার বেশকিছু সেকশনে শ্রমিক-কর্মচারী ছাঁটাই করা হয়েছে। যা আইনানুযায়ী সম্পূর্ণ অবৈধ। পরে শ্রমিকদের বেতন-ভাতা এবং সার্ভিস বেনিফিটসহ কোনোরকম পাওনাদিও পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এ নিয়ে কলকারখানায় দুইবার মিটিংয়ের আবেদন করলেও তারা সেখানে উপস্থিত হয়নি। সঠিক সময়ে পাওনাদি পরিশোধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
শ্রমিকনেতা রফিকুল ইসলাম সুজন, ইয়াসিন আহমেদ, জাহাঙ্গীর আলম, রাজু আহমেদ ও রুবেল আহম্মেদ রেজাসহ আরও অনেকে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
