কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চার্জে থাকা অটোর (ইজিবাইক) বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন (৫৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের খামার ঢেঁকিয়ারাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল হোসেন পান্ডুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঢেঁকিয়ারাম গ্রামের বাবর উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অটো (ইজিবাইক) চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার দুপুরে নিজ বাড়িতে চার্জে থাকা অটোর বৈদ্যুতিক সংযোগ খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পান্ডুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মোতালেব বিষয়টি নিশ্চিত করে জানান, অটোর চার্জিং সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেনের মৃত্যু হয়েছে।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
