সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
কেরানীগঞ্জে জাল নোটসহ তিনজন আটক
daily-fulki

কেরানীগঞ্জে জাল নোটসহ তিনজন আটক


স্টাফ রিপোর্টার : কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ তিনজনকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)। 


আটক ব্যক্তিরা হলেন-পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাসিন্দা মো. রাজিব মোল্লা (২০), একই উপজেলার খারিজ্জমা এলাকার মো. রাব্বি হাওলাদার (২৫) এবং গলাচিপা উপজেলার বাসিন্দা মো. রাসেল (৩৪)। তাদের মধ্যে রাসেল বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মাঠের কোনা ভূতেরগলি এলাকায় ভাড়া বাসায় থাকেন।


শনিবার (১৮ জুলাই) রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা ডিবির (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা এলাকার মাঠের কোনা ভূতেরগলি এলাকায় হাজি ইব্রাহীমের বাড়ির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) উপপরিদর্শক (এসআই, নিরস্ত্র) মো. মনির হোসেনের নেতৃত্বে একটি দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানে জাল নোট বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও হেফাজত থেকে মোট ১ লাখ ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।


ডিবি পুলিশ আরও জানায়, আটক রাজিবের কাছ থেকে ৫০ হাজার টাকা, রাব্বির কাছ থেকে ২৫ হাজার টাকা এবং রাসেলের কাছ থেকে ৩৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জাল নোটের ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় জাল নোট সরবরাহের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 


এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল বলে জানিয়েছে পুলিশ।

 

সর্বাধিক পঠিত