আশুলিয়া প্রতিনিধি : কালিয়াকৈর থেকে নিখোঁজের দুইদিন পর আশুলিয়ার বংশী নদী থেকে মঈনুল ইসলাম (৫৫) নামের এক ওয়েস্টিজ (টুকরা কাপর) ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বাইদগাঁও দক্ষিণপাড়া বংশাই নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার কাছে থাকা ২৬ হাজার ৩৪০ টাকা, একটি স্মার্ট ভিভো মোবাইলফোন ও বেশ কয়েকটি চাবি উদ্ধার করা হয়।
নিহত মঈনুল ইসলাম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর নামাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ওয়েস্টিজ ব্যবসায়ী ছিলেন।
নিহতের ভগ্নিপতি সফিকুল ইসলাম জানান, তার সুমন্দি মঈনুল ইসলাম পেশায় একজন ওয়েস্টিজ ব্যবসায়ী ছিলেন। গেল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরের দিন কালিয়াকৈর থানায় এবিষয়ে একটি সাধারণ ডায়েরী করা হয়। কিন্তু এরপরেও তার কোন খবর পাওয়া যাচ্ছিল না।
তিনি জানান, আজ আশুলিয়ার বংশাই নদীতে একজন মানুষের লাশ ভাসছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে আসা হয়। পরে এখানে এসেই তার লাশ সনাক্ত করা হয়।
আশুলিয়া থানার এস আই মিরাজ আকন জানান, ওই ব্যবসায়ী দুইদিন ধরে নিখোঁজ ছিল। নিখোঁজের দুই দিন পর রোববার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়।
এছাড়া, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
