স্টাফ রিপোর্টার : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া নারী বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার (১৯ জুলাই) বিকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কারা অধিদপ্তরের এআইজি প্রিজন্স জান্নাতুল ফরহাদ জানিয়েছেন।
গত বৃহস্পতিবার পালিয়ে যাওয়ার পর রিম্পার বিরুদ্ধে গত শুক্রবার গাজীপুরের কোনাবাড়ি থানায় মামলা দায়ের করে কারা কর্তৃপক্ষ। সূত্র জানায়, এখন তাকে র্যাব কোনাবাড়ি থানা পুলিশের হাতে সোপর্দ করবে। পুলিশ তাকে আদালতে পাঠাবে। আদালত হয়ে তিনি আবারও ফিরবেন পালিয়ে যাওয়া সেই কারগারেই।
তার পালিয়ে যাওয়ার ঘটনায় তিন মেট্রন ও চার মহিলা কারারক্ষীসহ মোট সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তরা হলেন- মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
কারাগার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। ওই সময় দায়িত্বে থাকা মেট্রনের তদারকির ঘাটতির সুযোগ নিয়ে বন্দি রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।
পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন।
