সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে তিতাস গ্যাস অফিস ঘেরাও, ৩ দিনের আল্টিমেটাম
daily-fulki

সাভারে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে তিতাস গ্যাস অফিস ঘেরাও, ৩ দিনের আল্টিমেটাম

 

স্টাফ রিপোর্টার : সাভারে বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। এ সময় তারা তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

রোববার (১৯ জুলাই) দুপুরে সাভারের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ গ্রাহকরা মিছিল নিয়ে তিতাস গ্যাসের সাভার আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তারা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত দুই মাস ধরে তারা নিয়মিত গ্যাস পাচ্ছেন না। এতে রান্নাবান্না মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক পরিবার বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন, আবার কেউ কেউ লাকড়ির চুলায় রান্না করছেন। দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ চললেও কার্যকর কোনো সমাধান না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।

বিক্ষোভ শেষে গ্রাহকদের একটি প্রতিনিধি দল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (গাজীপুর) ইঞ্জিনিয়ার এম. ডি. সাখাওয়াত হোসেনের কাছে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে তারা তিন দিনের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (গাজীপুর) ইঞ্জিনিয়ার এম. ডি. সাখাওয়াত হোসেন বলেন, গ্রাহকদের সমস্যার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বাধিক পঠিত