আশুলিয়া প্রতিনিধি : আগুলিয়া সদরপুর এলাকায় চাঁদার টাকা না পেয়ে একটি পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। হামলায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।
আহতরা হলেন— আফরিন সুলতানা (১৭), সাদ (৪), ওসমান (৬), শিল্পী আক্তার (৩৪) ও আহমেদ আলী (৩৯)।
আহত শিল্পী আক্তার অভিযোগ করেন, তিনি স্বামী ও সন্তানদের নিয়ে ওই এলাকায় বসবাস করেন। প্রায় এক সপ্তাহ আগে আক্কাস মন্টুসহ ১৫ জনের একটি দল তাদের বাড়িতে এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার গভীর রাতে তারা আবারও বাড়িতে হামলা চালায়।
তিনি বলেন, হামলাকারীরা তার স্বামী আহমেদ আলীকে ঘর থেকে টেনে বের করে ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে এবং মাথায় কোপ দেয়। এ সময় তাকে এবং সন্তানদেরও মারধর করা হয়।
শিল্পী আক্তার আরও জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত আহমেদ আলীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে ভুক্তভোগী পরিবার আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
