ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে পরপর দুই রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে সোমভাগ ইউনিয়নের দেপাশাই দত্তখোলা গ্রামের ইলেকট্রিসিয়ান শাহিনুর রহমানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা নগদ ৪ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসেটসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ডাকাতির সময় বাধা দিলে তারা শাহিনুরকে কুপিয়ে জখম করে। এঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, শাহিনুরের বাড়িতে শুক্রবার গভীর রাতে গেটের তালা কেটে ডাকাতদল ঘরে প্রবেশ করে। এসময় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি ও শাহিনুরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তারা আলমারী ও ওয়ারডোপ ভেঙে চার লাখ টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোনসেট লুট করে নেয় দুর্বৃত্তরা। আহত শাহিনুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এরআগে শুক্রবার রাতে চৌহাট ইউনিয়নের রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজে ঢোকে নৈশপ্রহরী রেজাউল করিমকে হাত-পাঁ বেধে নগদ ১৫ হাজার টাকা, তিনটি ল্যাপটপ ও মোবাইল ফোনসেটসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুটে নেয় ৭-৮ জনের ডাকাত দল। ওই সময় কলেজের প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে তারা।
এছাড়া ওই কলেজ সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার খুলে তামার তার নিয়ে যায় দুর্বৃত্তরা। ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) দেবাশীষ সানা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
