স্টাফ রিপোর্টার : উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ফিজিওথেরাপি চিকিৎসকদের দেশীয় ও আন্তর্জাতিক প্রতিনিধিত্বকারী পেশাজীবী সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর ৯ম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে ড. মুহাম্মদ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ডা. মো. ফিরোজ কবির নির্বাচিত হয়েছেন।
সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) প্রাঙ্গণে অবস্থিত বিপিএ কার্যালয়ে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ২৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপিএর সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি ডা. মো. শাহাদাৎ হোসেন, ডা. মোহাম্মদ আলী, ডা. ডি. এম. নুরুল আমিন উৎপল, ডা. মো. সাইফুল ইসলাম ও ডা. মো. শহিদুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মহিউদ্দিন, ডা. মো. জাহিদ হোসেন, ডা. মো. তানজীর উজ জামান ও ডা. মো. এমরান হোসাইন। কোষাধ্যক্ষ ডা. আমিনুল ইসলাম, যুগ্ম কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ নাজমুল হাছান, সাংগঠনিক সম্পাদক ডা. মো. নেছার উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. মো. রুবেল হোসেন সরকার, দপ্তর সম্পাদক ডা. এন. এম. মাসুদ রানা, প্রচার সম্পাদক ডা. ওমর ফারুক, প্রকাশনা সম্পাদক ডা. মো. আহনাফ আল মুকিত, মহিলা ও কল্যাণ সম্পাদক ডা. মোছা. শাহানা খাতুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডা. তামজিদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মো. সামছুর রহমান, শিক্ষা সম্পাদক ডা. মো. এখলাছুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. ইমরান হোসেন, ডা. এস. এম. মোস্তফা কামাল, ডা. মো. ফাইজুল কবির, ডা. আহাম্মদুল হিল গালিব ও ডা. সোহেল আহমেদ।
নবনির্বাচিত সভাপতি ড. মুহাম্মদ আনোয়ার হোসেন নির্বাচন কমিশন, ভোটার এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। ফিজিওথেরাপি পেশার উন্নয়ন ও কল্যাণে আমি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ডা. মো. ফিরোজ কবির বলেন, ফিজিওথেরাপি বিশ্বব্যাপী একটি স্বীকৃত ও অপরিহার্য স্বাস্থ্যসেবা পেশা। বাংলাদেশেও এ পেশার গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তবে পেশাগত স্বীকৃতি, কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা, গবেষণা, নীতিগত উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এখনও নানা চ্যালেঞ্জ রয়েছে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন। তিনি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভোট দিতে আসা সকল ভোটারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মোস্তফা জামান, বদরুল হাসান চৌধুরী এবং ডা. শাহনাজ সুলতানা (পিটি)।
নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।
