স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকার শহীদ ইয়ামিন চত্বরে এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবারও শিক্ষার্থীরা একই স্থানে অবরোধসহ বিক্ষোভ মিছিল করেছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়কের আরিচাগামী মূল লেনটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে সেখানে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময় শিক্ষামন্ত্রীর সমালোচনা করে আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান শিক্ষার্থীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সড়ক স্বাভাবিক করার চেষ্টা চালায় আইন-শৃঙ্খলা বাহিনী।
পরবর্তীতে প্রায় ১ ঘণ্টা লেনটি অবরোধ করে বিক্ষোভ করার পর বিকেল ৩টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা আরিচাগামী লেন থেকে অবরোধ সাময়িকভাবে তুলে নিয়ে ঢাকামুখী লেনটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় মুসলধারে বৃষ্টি শুরু হলে আজকের মতো আন্দোলন স্থগিত করে সাড়ে ৩টার দিকে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী আসিফ বলেন, ‘শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে যে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন, তা পুরো দেশের মানুষ দেখেছে। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং তার পদত্যাগ দাবি করছি।’
আরেক শিক্ষার্থী আমেনা আক্তার বলেন, ‘একজন শিক্ষামন্ত্রীর কাছ থেকে এমন ভাষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীরা তার সন্তানতুল্য। তাই তিনি নৈতিকভাবে দায়িত্ব পালনের যোগ্যতা হারিয়েছেন। অবিলম্বে তাকে অপসারণ করতে হবে।’
ঢাকা জেলা ট্রাফিক উত্তরের টিআই অ্যাডমিন রুহুল আমিন সোহেল বলেন, ‘দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। আমরা তাদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করি। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা সড়কে অবস্থান নিই। পরে বৃষ্টির কারণে শিক্ষার্থী আন্দোলন স্থগিত করে চলে যায়।’
