ফুলকি ডেস্ক : বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ার পর নিজেদের পারফরম্যান্স নিয়ে কোনো অজুহাত দাঁড় করাননি ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। দলের ব্যর্থতার দায় স্বীকার করে তিনি বলেছেন, সেমিফাইনালের মতো বড় মঞ্চে জেতার জন্য যে মানের ফুটবল প্রয়োজন, তা খেলতে পারেনি ফ্রান্স।
ম্যাচ শেষে ফরাসি সংবাদমাধ্যম এম৬-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি। কৌশলগত, টেকনিক্যাল কিংবা সামগ্রিক পারফরম্যান্স সব দিক থেকেই আমরা পিছিয়ে ছিলাম।
বিশ্বকাপের সেমিফাইনালে যা করার প্রয়োজন, তা করতে না পারলে জয় পাওয়া সম্ভব নয়।’
স্পেনের পারফরম্যান্সেরও প্রশংসা করেন ফরাসি অধিনায়ক।
তিনি বলেন, ‘স্পেন তাদের পরিকল্পনায় অটল ছিল। তারা বলের দখল রেখে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পছন্দ করে।
আমরা শুরু থেকেই তাদের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলাম, যাতে তারা নিজেদের ছন্দ খুঁজে না পায়। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি।’
ম্যাচের মোড় ঘুরে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এমবাপ্পে বলেন, ‘আমরাই তাদের ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে দিয়েছি। সেই ভারসাম্য বদলে দেওয়ার দায়িত্ব ছিল আমাদের, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। প্রেসিংয়ের সময় মাঝমাঠে বারবার তিন বনাম দুই পরিস্থিতি তৈরি হয়েছে। স্পেনের মতো দলের বিপক্ষে এটি সামলানো খুব কঠিন।’
তিনি আরও জানান, ফ্রান্সের টেকনিক্যাল ভুলই শেষ পর্যন্ত তাদের বিপদ ডেকে আনে। এমবাপ্পে বলেন, ‘টেকনিক্যাল ভুল ছিল অনেক বেশি, গুরুত্বপূর্ণ সময়ে আমরা তাদের রক্ষণ ভাঙতে পারিনি। ফাবিয়ান রুইজ ও রদ্রি অনেক বেশি সময় ও জায়গা পেয়েছে। আমাদের প্রেসিংয়ে সমন্বয়ের অভাব ছিল। বল ফিরে পাওয়ার পর প্রথম পাস ও প্রথম স্পর্শও বিশ্বকাপের সেমিফাইনালের মানের ছিল না। এসব ভুলই শেষ পর্যন্ত আমাদের হারিয়েছে।’
এই পরাজয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় ফ্রান্সের। সেই হতাশার কথাও লুকাননি এমবাপ্পে।
তিনি বলেন, ‘সবার মতো আমিও ভীষণ হতাশ। ফাইনালে ওঠা আমাদের স্বপ্ন ছিল। আমরা চেয়েছিলাম পুরো দেশকে নতুন করে স্বপ্ন দেখাতে, ইতিহাস গড়তে। এখন এই হতাশা মাথা নিচু করেই মেনে নিতে হবে।
