স্টাফ রিপোর্টার : অল্প বৃষ্টির পানিতেই সাভার পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর তালবাগ এলাকা তলিয়ে যায়। কয়েক দিনের ভারী বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতার ফলে জন দূর্ভোগ চরমে পৌঁছেছে।
বৃষ্টির পানিতে হাঁটু পানিতে তলিয়ে রয়েছে চলাচলের পথ। ড্রেনের ময়লা পানি একাকার হয়ে সৃষ্টি হয়েছে মারাত্মক জলাবদ্ধতা। ফলে এলাকার বাসিন্দাদের অসহনীয় দুরবস্থা চরমে পৌঁছে গেছে। বর্ষা মৌসুমে অনেকে বাড়ি ঘর ছেড়ে আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিয়েছেন। এলাকার স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও চরম বিপাকে পড়েছে।
ভোগান্তির শিকার হয়েছেন এলাকার ক্ষুদ্র দোকানীরাও। জলাবদ্ধতার কারণে উত্তর তালবাগের অনেক বাড়িঘর এখন ঠিকমতো ভাড়া হচ্ছে না। প্রায় বাড়িতে ঝুলছে ভাড়া হবে লেখা সাইন বোর্ড। সচ্ছল ভাড়াটিয়ারা জলাবদ্ধতার কারণে এ এলাকায় বসবাস করতে অনিহা প্রকাশ করে। এতে বাড়িওয়ালারা দিন দিন আর্থিক লোকসানের শিকার হচ্ছেন। বেশ কয়েক বছর যাবত আশপাশের মহল্লাগুলোতে পৌরসভা উন্নয়ন ও সংস্কার কার্যক্রম হলেও অদৃশ্য কারণে উত্তর তালবাগ বাসীন্দারা অবহেলিত। পৌর সভার বাসিন্দা হলেও উন্নয়নের ছোয়া লাগেনি বাসিন্দাদের জীবনের।
স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমের পৈত্রিক নিবাস বাদামতলী বিলাস ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এলাকার বাসিন্দা ও ভ্রমণ বিষয়ক লেখক সাংবাদিক জাভেদ হাকিম এ প্রসঙ্গে বলেন, রাষ্ট্রের এরকম গণ্যমান্য ব্যক্তিবর্গের নিজস্ব বাড়িঘর এখানে থাকা সত্বেও, উত্তর তালবাগ নিবাসীরা জলাবদ্ধতার দরুণ চরম বঞ্চনার শিকার। যাকে এক কথায় বলা যায়,বাত্তির নীচে অন্ধকার। এলাকাবাসী উত্তর তালবাগের জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ ভাঙ্গাচোরা সড়ক মেরামতের জন্য সাভার পৌর কতৃপক্ষ ও সংসদ সদস্যের সদাশয় হস্তক্ষেপ কামনা করছেন।
