স্টাফ রিপোর্টার : ঢাকা-২ আসনের সংসদ সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশে নতুন কোনো গ্যাস কূপ খনন করা হয়নি। যার ফলে দেশে গ্যাস সংকট তৈরি হয়েছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ৮টি নতুন গ্যাস কূপ খননের কর্মসূচি গ্রহণ করেছেন। এসব কূপের খননকাজ শেষ হলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে বলে জানান তিনি ।
শনিবার (১১ জুলাই) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া লোকনাথ মন্দিরের ঘাটলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ঢাকা -২ আসনকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন ।
তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আজিজ।
সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
