শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ড্যাফোডিলে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব উদ্বোধন
daily-fulki

ড্যাফোডিলে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব উদ্বোধন

 

স্টাফ রিপোর্ট : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অত্যাধুনিক ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা ল্যাব’ উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে ‘এআই প্রজেক্ট কম্পিটিশন ২০২৬’-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি।

শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবীর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাসুম ইকবাল এবং কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সারওয়ার হোসেন মোল্লা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু একটি প্রযুক্তি নয়, এটি ভবিষ্যৎ অর্থনীতি, কর্মসংস্থান, উদ্ভাবন এবং জাতীয় প্রতিযোগিতা সক্ষমতার অন্যতম প্রধান চালিকাশক্তি। এআই প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবং গবেষণা-উদ্ভাবনের পরিবেশ সৃষ্টি করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এআই গবেষণা ল্যাব গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, ব্যবসা ও প্রশাসনসহ প্রায় প্রতিটি খাতে এআই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। তাই নতুন বাংলাদেশ গড়তে গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই।


মন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরে আইসিটি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত ১৪৫টি এআই প্রকল্পের মধ্য থেকে সম্ভাবনাময় প্রকল্পগুলোকে সরকার ও আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ ফান্ডসহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সহায়তা দেওয়া হবে।

পাশাপাশি সারাদেশে এআই প্রশিক্ষণ কেন্দ্র এবং স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সুবিধা সম্প্রসারণের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

সভাপতির বক্তব্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এআই-সাপোর্টেড নয়, বরং এআই-কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পের বাণিজ্যিকীকরণে বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নবউদ্বোধিত এআই গবেষণা ল্যাবে ২৫টি এনভিডিয়া ডিজি স্পার্ক পিসি এবং আরটিএক্স ৩০৬০ ও ৪০৯০ জিপিইউ সমৃদ্ধ ৫টি উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার স্থাপন করা হয়েছে। এছাড়া বাস্তব সমস্যার সমাধান, এআই এজেন্ট উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পণ্য তৈরির লক্ষ্যে পাঁচজন পূর্ণকালীন গবেষক কাজ করছেন।


গবেষক দল ইতোমধ্যে এআই প্রফেসর, এআই প্রক্টর ও এআই রেজিস্ট্রার’সহ বিভিন্ন উদ্ভাবনী সমাধান তৈরি করেছে এবং বর্তমানে ‘স্মার্ট ক্লাসরুম’ প্রকল্প নিয়ে কাজ করছে।অনুষ্ঠান শেষে এআই প্রকল্প প্রদর্শনীতে অংশ নেওয়া ১৪৫টি প্রকল্পের মধ্য থেকে ৬টি ক্যাটাগরিতে নির্বাচিত ১২টি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী।

 

সর্বাধিক পঠিত