স্টাফ রিপোর্টার : রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার কোনো বিবৃতি বা বক্তব্য প্রচার ও প্রকাশ না করতে দেশের সব গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া নিষেধাজ্ঞা ও প্রচলিত আইনের কথা স্মরণ করিয়ে দিয়ে এই অনুরোধ জানানো হয়।
শুক্রবার (১০ জুলাই) রাতে তথ্য মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে (নম্বর: ১৪৫) এ অনুরোধ জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদমাধ্যমসহ দেশের সব গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, গত ৫ ডিসেম্বর (২০২৪) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল।
এতে আরও বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী— আদালতে সাজাপ্রাপ্ত কোনো পলাতক অপরাধীর কোনো ধরনের বক্তব্য, সাক্ষাৎকার, অডিও-ভিডিও বা ভাষণ গণমাধ্যমে প্রচারের ব্যাপারে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।
এমতাবস্থায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনো প্রকার ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় কোনো গণমাধ্যমে (টেলিভিশন, বেতার, সংবাদপত্র, নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যম) প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, সরকার প্রত্যাশা করে— দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকবৃন্দ প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।
