মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব
daily-fulki

বাংলাদেশসহ ৭ দেশের জন্য নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব


ফুলকি ডেস্ক : বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য ভিসা-সংক্রান্ত নতুন উদ্যোগ চালু করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, সদ্য চালু হওয়া সমন্বিত ভ্রমণ প্যাকেজের সুবিধা প্রাথমিক পর্যায়ে এসব দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।


এর ফলে সৌদি আরবে ভ্রমণ আরও সহজ হবে।
শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এই কর্মসূচির আওতায় একটি সমন্বিত ভ্রমণ বুকিংয়ের অংশ হিসেবে ভ্রমণকারীরা ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা পাবেন।


প্রাথমিক পর্যায়ে মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এ সুবিধা পাবেন। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তীতে আরও বিভিন্ন দেশের নাগরিকদের এই কর্মসূচির আওতায় আনা হবে।

এই প্যাকেজের আওতায় একটি বুকিংয়ের মাধ্যমেই পুরো ভ্রমণের ব্যবস্থা সম্পন্ন করা যাবে। এর মধ্যে রিটার্ন ফ্লাইট, অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা অন্তর্ভুক্ত থাকবে।

ফলে আলাদাভাবে ভিসার আবেদন জমা দেওয়া বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।
মন্ত্রণালয় জানিয়েছে, প্যাকেজ কেনার ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে। অনুমোদিত এজেন্সির মাধ্যমে বুকিং করার পর ভ্রমণকারীরা ই-মেইলে তাদের ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে যাবেন। বর্তমানে রিজারভাল ও আলমোসাফ নামে দুটি ট্রাভেল এজেন্সি এ পরিষেবা দেওয়ার অনুমতি পেয়েছে।

ভিসাটির মেয়াদ হবে তিন মাস। এ ভিসায় একবার প্রবেশ করা যাবে এবং দুই দিন থেকে ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে থাকার অনুমতি থাকবে।

গালফ নিউজ জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল। ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে ইভেন্টের টিকিট ও বিনোদনমূলক অভিজ্ঞতার মতো ঐচ্ছিক পরিষেবাও যুক্ত করতে পারবেন।

তবে প্যাকেজগুলোতে মক্কা ও মদিনায় উমরাহ-সম্পর্কিত কোনো পরিষেবা বা ব্যবস্থা অন্তর্ভুক্ত নয়। যদিও ভিসাধারীরা সৌদি আরবে পৌঁছানোর পর মক্কা ও মদিনাসহ দেশটির যেকোনো স্থানে ভ্রমণ করতে পারবেন।

এ ছাড়া, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ফ্লাইট বা থাকার ব্যবস্থা বাতিল হলে অর্থ ফেরত এবং বুকিং পরিবর্তনের বিষয়টি অনুমোদিত ভ্রমণসেবা প্রদানকারীর নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত