স্টাফ রিপোর্টার : সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। সোমবার (৬ জুলাই) দিবাগত রাত পৌনে ১০টার দিকে এনসিপির ঢাকা জেলা উত্তর শাখার সদস্যসচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মঙ্গবার (৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
মামলা সূত্রে জানা গেছে সোমবার (৬ জুলাই) রাতে সাভার সরকারি কলেজ মাঠে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে দলের ৪ জন নেতাকর্মী আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ দিকে ঘটনা তদন্তে ঢাকা জেলা পুলিশ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাহাঙ্গীর আলমকে। অন্যরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান এবং সাভার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
