সোমবার, ৬ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় ৪ জন আহত, থানা ঘেরাও
daily-fulki

সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় ৪ জন আহত, থানা ঘেরাও


স্টাফ রিপোর্টার : সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশ চলাকালে মঞ্চে ককটেল হামলার ঘটনা ঘটেছে। সোমবার (০৬ জুলাই) রাত পৌনে ১০টারদিকে সাভার পৌর এলাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন, শাহীন খন্দকার (৩০), জসিম (২৬), শাহাদাত হোসেন (৪০) ও ইমরান (৩৫)।


এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসির আরাফাত জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য প্রদানকালে সমাবেশস্থলে এই বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সমাবেশ মঞ্চে এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি ছাড়াও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, এই ককটেল হামলায় দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।


ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিস্ফোরণের ঘটনায় প্রয়োজনীয় তদন্ত শুরু করেন।


এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এমপি দলীয় নেতা কর্মীদের নিয়ে তাৎক্ষণিকভাবে সাভার মডেল থানার সামনে গিয়ে অবস্থান নেন। পরে নাহিদ ইসলাম এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল থানায় যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, এই ককটেল হামলায় দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি এ হামলার পেছনে সরকার ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত বলে অভিযোগ করেন। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে কিন্তু সরকার কোন কার্যকরী পদক্ষেপ নেয় না। মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া হচ্ছে।


সাভার মডেল থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ জানান, ককটেল বিস্ফোরণ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিস্ফোরণের ঘটনায় প্রয়োজনীয় তদন্ত শুরু করেন। তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে থানায় অভিযোগ করেছেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
 

সর্বাধিক পঠিত