সোমবার, ৬ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
daily-fulki

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

 


ধামরাই প্রতিনিধি : ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসাবাড়িতে পর্যাপ্ত গ্যাস সরবরাহের দাবিতে স্থানীয় বাসিন্দারা দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে মহাসড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে।
প্রশাসনের আশ্বাসের পর সকাল সাড়ে ১১টারদিকে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


বিক্ষোভকারীদের অভিযোগ, ধামরাইয়ের গোয়ালদী, বাটুলিয়া, মহিশাষী, কাওয়ালীপাড়া থেকে মানিকগঞ্জের সাটুরিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বাসাবাড়িতে তিতাস গ্যাসের সংযোগ থাকলেও দীর্ঘদিন ধরে গ্যাস সংকট বিরাজ করছে।


বিক্ষোভকারীরা বলেন, দিনের অধিকাংশ সময় চুলায় গ্যাস না থাকায় রান্নার কাজে বাধ্য হয়ে অতিরিক্ত খরচে এলপিজি গ্যাস ব্যবহার করতে হচ্ছে। এতে একদিকে বাড়তি অর্থ ব্যয় হচ্ছে, অন্যদিকে গ্রাহকেরা ভোগান্তিতে পড়ছেন। সেই সঙ্গে লাইনের গ্যাস ঠিকমতো না পেলেও প্রতি মাসে গ্যাসের বিল পুরোটাই দিতে হচ্ছে তাদের। এ অবস্থা মেনে নেওয়া যায় না। তিতাসকে পুরোপুরি গ্যাস সরবরাহ করতে হবে, নতুবা গ্যাসের বিল নেওয়া বন্ধ করতে হবে।


অবরোধে অংশ নেওয়া গৃহবধূ সুলতানা বেগম বলেন, ‘গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত অভিযোগ করেছি। কিন্তু কোনো সমাধান পাইনি। প্রতিদিন সকালে গ্যাস না থাকায় অতিরিক্ত টাকা খরচ করে এলপিজি গ্যাস ব্যবহার করতে হচ্ছে।’


সুলতানা বেগম আরও বলেন, নিয়মিত বিল পরিশোধ করলেও প্রয়োজনের সময় গ্যাস না পাওয়ায় গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই দ্রুত পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি গ্যাস না থাকার সময়ের বিল মওকুফের দাবি তোলা হয়েছে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান ধামরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন। তিনি তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।


গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মাতব্বর বলেন, ‘পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় এলাকার ভুক্তভোগী লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।’
 

সর্বাধিক পঠিত