স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মিথ্যা মামলা এবং মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সাভার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হোসেন মোল্লা।
শুক্রবার (৩ জুলাই) সাভারের নামাবাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সাভারের স্থায়ী ছেলে’ নামে একটি ফেসবুক আইডি থেকে দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। তার দাবি, ওই আইডিটি তার ভাতিজা খোকন মোল্লা এবং খোকনের দুই ছেলে ইফাদ মোল্লা ও ফাহাদ মোল্লা পরিচালনা করছেন।
আবুল হোসেন মোল্লা অভিযোগ করেন, খোকন মোল্লা ও তার দুই ছেলে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, ধামরাইয়ের বড়কুশিয়ারা, কাইজারকুণ্ডসহ বিভিন্ন এলাকায় তারা একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও জমি দখলের চেষ্টা করছে।
তিনি আরও অভিযোগ করেন, গত ২৬ জুন ধামরাইয়ের বড়কুশিয়ারা এলাকায় জমি মাপজোখকে কেন্দ্র করে খোকন মোল্লা ও তার দুই ছেলে তার দুই ভাতিজা আনোয়ার মোল্লা ও মনির মোল্লার ওপর ছুরি নিয়ে হামলা চালায়। এতে দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহত আনোয়ার মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে আবুল হোসেন মোল্লা বলেন, এ ঘটনায় মনির মোল্লার স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেছেন। তবে একই ঘটনায় কোনো হামলার শিকার না হয়েও প্রতিপক্ষ তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে বলে দাবি করেন তিনি। তিনি এ মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অপপ্রচার ও মিথ্যা মামলার মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চলছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
