আশুলিয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আশুলিয়া থানার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত আংশিক কমিটিতে জ্যোৎস্না আক্তারকে সভাপতি ও মাহফুজা বেগম পলিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা জেলা শাখা এ কমিটির অনুমোদন করে।
ওই কমিটিতে শিউলী আক্তারকে সিনিয়র সহ-সভাপতি, শারমিন ফেরদৌসকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নাজমা আক্তারকে সাংগঠনিক সম্পাদক, মাকসুদা হেনা রুবিকে প্রচার সম্পাদক এবং রহিমা বেগমকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
মহিলা দল ঢাকা জেলা শাখার সভাপতি শামীমা রাহিম এবং সাধারণ সম্পাদক সুলতানা খন্দকার স্বাক্ষরিত অনুমোদনপত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঢাকা জেলা মহিলা দলের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি জ্যোৎস্না আক্তার ও সাধারণ সম্পাদক মাহফুজা বেগম পলি বলেন, আমাদের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে- এজন্য ঢাকা জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শকে আঁকড়ে ধরে নতুন নেতৃত্ব আশুলিয়া থানা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করব এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।
বুধবার দুপুরে ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে যারা রাজপথে ছিল এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন, তাদের নিয়েই এ কমিটি গঠন করা হয়েছে। তারা দলের নিয়ম-কানুন মেনে সামনের দিনগুলোতে এগিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।
