বুধবার, ১ জুলাই ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আজ দিনভর বন্ধ জ্বালানি তেল সরবরাহ, সচল থাকবে বিমানে জেট ফুয়েল
daily-fulki

আজ দিনভর বন্ধ জ্বালানি তেল সরবরাহ, সচল থাকবে বিমানে জেট ফুয়েল


স্টাফ রিপোর্টার : বার্ষিক মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রমের কারণে আজ বুধবার (১ জুলাই) দেশের সব তেল ডিপো ও প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম দিনভর বন্ধ থাকবে। তবে জরুরি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থায় জেট ফুয়েল (Jet A-1) সরবরাহ চালু রাখা হবে।



বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক জরুরি অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (ব.ও. বিপ.) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত আদেশে বলা হয়, প্রতিবছরের মতো এবারও বিপিসির আওতাধীন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত কোম্পানির প্রধান স্থাপনা ও ডিপোতে জ্বালানি তেলের ‘বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই’ (অ্যানুয়াল ক্লোজিং ও ফিজিক্যাল ভেরিফিকেশন) কার্যক্রম পরিচালনার জন্য ১ জুলাই নির্ধারণ করা হয়েছে।

এ কারণে চট্টগ্রামের প্রধান স্থাপনাসহ দেশের সব আঞ্চলিক ডিপো ও স্থাপনায় দিনভর সাধারণ জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। সমাপনী কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।


তবে বিমান চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটাতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট ডিপোগুলোর জেটএ-১ (Jet A-1) মজুদ ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম দ্রুততম সময়ে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরগুলোতে জেট ফুয়েল সরবরাহ পুনরায় চালু করা হবে, যাতে দেশি-বিদেশি এয়ারলাইনসের বিমান চলাচল স্বাভাবিক থাকে।
 

সর্বাধিক পঠিত