মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
রোমেরোর প্রত্যাবর্তনে স্বস্তিতে আর্জেন্টিনা, খেলবেন কেপ ভার্দের বিপক্ষে
daily-fulki

রোমেরোর প্রত্যাবর্তনে স্বস্তিতে আর্জেন্টিনা, খেলবেন কেপ ভার্দের বিপক্ষে


ফুলকি ডেস্ক : বিশ্বকাপের নকআউট পর্বের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর। হাঁটুর চোট কাটিয়ে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো। সবকিছু ঠিক থাকলে কেপ ভার্দের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেই মাঠে নামতে পারেন তিনি।

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে চমক জাগানো দল কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রোমেরোর ফেরা কোচ লিওনেল স্কালোনির জন্য বড় স্বস্তির কারণ হয়ে এসেছে। পুরোপুরি ফিট থাকলে তাকে প্রথম একাদশেই দেখা যেতে পারে।

গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৫৭তম মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। সেই চোটের কারণে জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে খেলতে পারেননি তিনি। তার পরিবর্তে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডিকে খেলান স্কালোনি। ওই ম্যাচে ৩-১ গোলের জয় নিয়ে শতভাগ সাফল্যের সঙ্গে গ্রুপ পর্ব শেষ করে আর্জেন্টিনা।

জর্ডান ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছিলেন, নকআউট পর্বের আগেই রোমেরোকে ফিরে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। সেই আশাই বাস্তবে রূপ নিয়েছে। সোমবার (২৯ জুন) ক্যানসাস সিটিতে একদিনের বিশ্রামের পর দলের পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেন রোমেরো। অনুশীলনে তাকে স্বাভাবিক ছন্দেই দেখা গেছে, যা তার দ্রুত সুস্থ হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে।

আর্জেন্টিনার রক্ষণভাগে দীর্ঘদিন ধরেই অন্যতম ভরসার নাম রোমেরো। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পাশাপাশি পেছন থেকে আক্রমণ গড়ে তোলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। নকআউট পর্বের চাপের ম্যাচে তার অভিজ্ঞতা দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করা হচ্ছে।

গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা এখন কেপ ভার্দেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। সেই লড়াইয়ের আগে রোমেরোর সম্ভাব্য প্রত্যাবর্তন দলটির জন্য নিঃসন্দেহে বড় সুখবর।
 

সর্বাধিক পঠিত