স্টাফ রিপোর্টার : রাজধানীর গাবতলী বাস টার্মিনালে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং টার্মিনালে অবৈধভাবে ২৪ ঘণ্টা বাস রাখা ও মেরামতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সোমবার (২৯ জুন) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।
প্রশাসক বলেন, আইনগতভাবে কোনো বাস টার্মিনালে ২৪ ঘণ্টা অবস্থান বা মেরামত করার নিয়ম নেই। কিন্তু গাবতলী বাস টার্মিনালে তা দীর্ঘদিন ধরে চলে আসছে। এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, টার্মিনালে থাকা সব অবৈধ স্থাপনার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের জন্য বসার সুব্যবস্থা, যাত্রী ছাউনির সংস্কার, ছাদের মেরামত এবং অভ্যন্তরীণ সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হবে।
প্রশাসক বলেন, গাবতলী একটি ঐতিহ্যবাহী বাস টার্মিনাল। এ টার্মিনাল দিয়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিপুলসংখ্যক যাত্রী যাতায়াত করেন। টার্মিনালের ভেতর ও বাইরে এবং যাত্রী ছাউনিতে কোনো ধরনের অবৈধ স্থাপনা বা দখল রয়েছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণের জন্যই এ পরিদর্শন কর্মসূচি।
প্রশাসক অভিযোগ করেন, গত ১৭ থেকে ১৮ বছর ধরে এই পুরোনো বাস টার্মিনালে উল্লেখযোগ্য কোনো সংস্কার কার্যক্রম হয়নি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাবতলী বাস টার্মিনালকে আধুনিক, পরিবেশবান্ধব এবং যাত্রীবান্ধব হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করা হয়েছে।
তিনি আরও বলেন, যাত্রীদের জন্য উন্নত বসার ব্যবস্থা, বিশ্রামাগারসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। পর্যায়ক্রমে সব উন্নয়নকাজ সম্পন্ন করা হবে।
পরিদর্শনকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পরিবহন ব্যবস্থাপকসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
