শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫
daily-fulki

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫


স্টাফ রিপোর্টার : ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। এ ছাড়া আহত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ।


ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া স্বজনদের উদ্ধারে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা। শুক্রবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৪ জুন) রাতে এক মিনিটেরও কম ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে অসংখ্য ভবন ফেটে যায়, ধসে পড়ে কিংবা বিপজ্জনকভাবে হেলে পড়ে।


বৃহস্পতিবারও একাধিক শক্তিশালী আফটারশক অনুভূত হয়। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানান, কম্পনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৩৫ জনে পৌঁছেছে, আহত হয়েছেন ১ হাজার ৫০০ জনেরও বেশি।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যের একটি শহরে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক কিশোরীর কান্না ঘণ্টার পর ঘণ্টা শোনা গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দা দানি রিজো বলেন, ‘আমাদের লোক দরকার, সেনাবাহিনীর সদস্য দরকার, যাতে মেয়েটিকে বের করে আনা যায়।


’ তবে কিছুক্ষণ পরই স্থানীয়রা জানান, মৃত্যু হয়েছে মেয়েটির।
একই রাজ্যের আরেকটি ধসেপড়া ভবনের নিচে তিনজনের জীবিত থাকার শব্দ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা আন্তোনিও বারমুদেজ বলেন, ‘তারা এখনো বেঁচে আছে। কিন্তু আমাদের কিছুই করার নেই। কোনো যন্ত্রপাতি নেই, তাদের উদ্ধার করার কোনো উপায়ও নেই।


এদিকে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ। সারা বিশ্ব থেকে সাহায্যের প্রস্তাব আসতে শুরু করেছে। সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল ও মেক্সিকো উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞ পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা দুটি যুদ্ধজাহাজ, পরিবহন বিমান, হেলিকপ্টার এবং ১৫ কোটি ডলারের মানবিক সহায়তা পাঠাচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আমাদের একটি সর্বাত্মক সরকারি পদক্ষেপ রয়েছে। এটি হবে ব্যাপক, দ্রুত এবং কার্যকর।’ এ ছাড়া চীন, ভারত, ব্রাজিল এবং যুদ্ধবিধ্বস্ত ইরানও সহায়তার প্রস্তাব দিয়েছে। দেশটির জন্য প্রাথমিকভাবে এক লাখ ইউরো সহায়তা পাঠিয়েছেন পোপ লিও চতুর্দশ।


জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই দুর্যোগে গভীর শোক প্রকাশ করেছেন। সংস্থাটির মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, ১২৬ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্প মোকাবেলায় ‘সম্মিলিতভাবে ব্যাপক উদ্যোগ’ প্রয়োজন।

 

সর্বাধিক পঠিত