স্টাফ রিপোর্টার : রাজধানীর ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বুধবার (২৪ জুন) এই সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বহিষ্কৃতরা হলেন: শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া এই 'অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক' ঘটনার পর জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতারা তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান। এর পাশাপাশি দলের কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানিয়ে এবং দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে।
দলটি আরও জানিয়েছে, এই অনভিপ্রেত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন তাৎক্ষণিকভাবে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটির দেওয়া তদন্ত প্রতিবেদনে দোষীদের বিরুদ্ধে সরাসরি এই শাস্তিমূলক ও চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
