স্টাফ রিপোর্টার : সাভারে ভিলেজ এজুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) উদ্যোগে বুধবার (২৪ জুন) চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় মেলায় চাকরি প্রার্থী প্রশিক্ষনার্থীদের ভীড় লক্ষ্য করা গেছে। বিশ্বব্যাংক ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরী সহায়তায় রিকভারী এ্যান্ড এ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্পের আওতায় এই কর্মসূচীর আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে বিউটিফিকেশন, মোবাইল সার্ভিসিং, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ও ড্রেস মেকিং এন্ড টেইলারিংসহ বিভিন্ন ট্রেডে ২৫২ জন প্রশিক্ষনার্থীকে সনদপত্র করা হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দ চাকরি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং চাকরি মেলায় চাকরি প্রদানের জন্য অংশগ্রহণকারী বিভিন্ন গ্রুপের কর্মকর্তাদের সাথে কথা বলেন। এসময় চাকরি প্রার্থীরা তাদের পছন্দের কোম্পাণীতে নিজেদের সিভি জমা দেন।
সাভারের আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া এলাকায় থেকে সুজন এবং মিলন নামে দুই বন্ধু গ্রামীণ সার্ভিস সিষ্টেম নামে একটি স্টলের নির্ধারিত বক্সে তাদের জীবন বৃত্তান্ত জমা দিচ্ছিলেন। তাদের সাথে কথা বলে জানা যায়, দুই বন্ধু মিলে কয়েকমাস আগে ভার্কের রেইজ প্রকল্পের আওতায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়েছেন। আজকে চাকরি মেলায় তারা সনদপত্র গ্রহণ করেছেন এবং চাকরির আশায় এখানে জীবন বৃত্তান্ত জমা দিয়েছে। তারা আশাবাদি এখানে যে কাজ শিখেছে তাতে ভালো কোন প্রতিষ্ঠানে কাজ করতে পারলে জীবনে পরিবর্তন আনা সময়ের ব্যাপার।
আয়োজিত অনুষ্ঠানে ভার্ক এর নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-আমীন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল-আমীন বলেন, কোন কাজকেই আপনারা ছোট মনে করবেন না। আমরা প্রত্যেকেই যদি নিজের জায়গা থেকে ভালোভাবে দায়িত্ব পালন করতে পারি তাহলেই দেশ উন্নত হবে। তরুণ-তরুণীদের কারিগরী প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য ভার্ককে ধন্যবাদ প্রদান করেন।
