বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
অবৈধ স্থাপনা উচ্ছেদ, ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগ ও পৌরকর্তৃপক্ষের সমন্বয়হীনতায় ক্ষতিগ্রস্ত পৌর ইজারাদার
daily-fulki

অবৈধ স্থাপনা উচ্ছেদ, ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগ ও পৌরকর্তৃপক্ষের সমন্বয়হীনতায় ক্ষতিগ্রস্ত পৌর ইজারাদার

 


ধামরাই প্রতিনিধি : ঢাকার-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটার স্নোটেক্স পোশাক কারাখানা সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা বাজার পৌরসভা কর্তৃক ইজারা দেওয়া এবং পরবর্তীতে সওজ-এর মঙ্গলবার (২৩ জুন) ও বুধবার দুই দফা উচ্ছেদ অভিযানের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ইজারাদার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই জটিলতার নেপথ্যে সড়ক ও জনপথ বিভাগ ও পৌরসভা কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কারণে ইজারাদারের বিনিয়োগকৃত অর্থ ও টোল আদায় নিয়ে সংকটে পড়েছেন ইজারাদার ও সাধারণ ব্যবসায়ীরা। 


সড়ক ও জনপথ বিভাগ মানিকগঞ্জ বিভাগ থেকে জানা গেছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি-জমা ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা অনুযায়ী সওজ-এর জমিতে গড়ে ওঠা হাট-বাজার পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের ইজারা দেওয়ার কোন আইনি এখতিয়ার নেই। এরপরও গত কয়েক বছর ধরে ধামরাই পৌরসভা কর্তৃপক্ষ রাজস্ব আদায়ের উদ্দেশ্যে মালিকানার বিষয়টি এড়িয়ে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় সওজ-এর জমিতে গড়ে ওঠা দেড় শতাধিক দোকান থেকে টোল আদায়ের জন্য ইজারা দিয়ে আসছে। ইজারাদার এসব দোকান থেকে দৈনিক টোল আদায় করে আসছিলেন। কিন্তু এসব অবৈধ স্থাপনার ফলে ঢুলিভিটা এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সওজের যৌথ উদ্যোগে বুধবার (২৪ জুন) দুপুরে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে বুলডোজার দিয়ে অবৈধ দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি। এসময় স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন উপস্থিত ছিলেন। 


এরআগে মঙ্গলবার বুলডোজার দিয়ে দোকানপাট উচ্ছেদকালে হামলা ও উত্তেজনার সৃষ্টি হয়। এতে লোপেট চালক মনির হোসেন, সহকারী আব্বাস আলীসহ তিনজন গুরুতর আহত হন। এ ঘটনায় ওইদিন উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হয়। 


এদিকে পৌরসভা থেকে বৈধ উপায়ে বড় অংকের ইজারা ফি দিয়ে ও বিনিয়োগ করা অগ্রিম অর্থ সওজ-এর উচ্ছেদ অভিযানের কারণে ইজারাদার ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ইজারাদার হাবিবুর রহমান জানান। তার প্রশ্ন- সওজের জমিতে হাটবাজার জেনেও পৌর কর্তৃপক্ষ কেন ইজারা দিয়েছে?  


ধামরাই পৌরসভার নির্বাহী অফিসার গোলাম নবী বলেন, পৌরসভার অভ্যন্তরে যেকোন স্থানে হাট-বাজার হলে সেটা পৌর কর্তৃপক্ষ ইজারা দেওয়ার এখতিয়ার রাখে। তিনি প্রশ্ন করে বলেন, সওজের জমিতে যখন অবৈধ দোকানপাট গড়ে উঠে তখন কেন বাধা কিংবা উচ্ছেদ করেনি সড়ক ও জনপথ বিভাগ?  উচ্ছেদ করা হলে তো আর ইজারা দেওয়া হতো না।  


এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম বলেন, সওজের জমিতে অবৈধভাবে গড়ে উঠা হাট-বাজার পৌরসভা পক্ষ থেকে ইজারা দেওয়ার কোন আইনি এখতিয়ার নেই। তিনি বলেন, উচ্ছেদ অভিযান আমাদের নিয়মিত অংশ। তারই ধারাবাহিকতায় ঢুলিভিটা এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সওজের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। 

 

সর্বাধিক পঠিত