জাবি প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) রাতে ময়মনসিংহ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও সংশ্লিষ্টতার অভিযোগে গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাহবুবুল হক বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, দেলোয়ার হোসেনকে জুলাই গণঅভ্যুত্থান সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে তার স্নাতক ও স্নাতকোত্তরের সনদ বাতিল করেন। একই ঘটনায় ঢাকা জেলার আশুলিয়া থানায় তার নামে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকা থেকে লেগুনা থেকে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
