স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। সোমবার (২২ জুন) বিকেলে সাভারের পাকিজা মোড় এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন। তিনি বলেন, ছাত্রদল দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় রয়েছে।
আন্দোলন-সংগ্রাম এবং ত্যাগের ইতিহাস ছাত্রদলের রয়েছে। সাভার-আশুলিয়ায় কোনো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে রাজপথে নামতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মী যাতে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ছাত্রদল সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে থেকে তা প্রতিহত করবে।
সমাবেশে বক্তারা মঙ্গলবার (২৩ জুন) ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান কর্মসূচিরও ঘোষণা দেন। পরে ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পাকিজা মোড় থেকে শুরু হয়ে গেন্ডা ইউটার্ন এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
