স্টাফ রিপোর্টার : সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা গ্রামের বাজারপাড়ার, নামায় জমিতে কৃষিকাজ করার সময় রোববার (২১ জুন) বিকালে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। তিনজনের মধ্যে একজন জমির মালিক এবং দুই জন কৃষিশ্রমিকঅ তবে জমির মালিক ও একজন কৃষিশ্রমিকের পরিচয় সনাক্ত করা গেছে।
রবিবার (২১ জুন) বিকেল ৫ টারদিকে বনগাঁ ইউনিয়নের কোন্ডা গ্রামের বাজারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন বলিয়ারপুর পাচানিপাড়ার মৃত বুদ্দু মিয়ার ছেলে ও ক্ষেতের মালিক দ্বীন ইসলাম (৫৪) ও কৃষিশ্রমিক দুলাল (৬০)। অপর একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বিকেলে কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দ২ কৃষিশ্রমিক মারা যায়। অপর একজন ক্ষেতের মালিক গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত দুই শ্রমিককে হেমায়েতপুর এলাকা থেকে বদলি কাজের জন্য আনা হয়েছিল বলে জানা যায়।
এ ব্যাপারে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, রবিবার বিকেলে বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে জমির মালিক দ্বীন ইসলাম ও একজন কৃষিশ্রমিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি একজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।
