গবি সংবাদদাতা : তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে ব্যবহারিক শিক্ষার সমন্বয় এবং শিক্ষা ও শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষা সফরের অংশ হিসেবে জাপফা কমফিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড পরিদর্শন করেছে।
শনিবার (২০ জুন) একুয়াটিক এন্ড এনিমেল নিউট্রিশন কোর্সের অংশ হিসেবে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। সফরটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষদের এনিমেল প্রোডাকশন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. জামিনুর রহমান।
ফিড মিল পরিদর্শন করে ১৮তম ব্যাচের শিক্ষার্থী রবিন বলেন, 'এই শিক্ষা সফরের মাধ্যমে ফিড উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সরাসরি পর্যবেক্ষণের সুযোগ হয়েছে। বিশেষ করে গ্রেডিং, তাপমাত্রা নিয়ন্ত্রণ, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং কোয়ালিটি ফিড ম্যানেজমেন্ট সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয়েছে। ফলে শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব পরিবেশের সঙ্গে সমন্বয় করে আরও ভালোভাবে শিখতে পেরেছি।'
ড. মো. জামিনুর রহমান বলেন, ‘তাত্ত্বিকভাবে যা শেখানো হয়, তার বাস্তব প্রয়োগ দেখার জন্যই আমাদের এই শিক্ষা সফরের আয়োজন। এতে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে এবং তাদের শিক্ষা পরিপূর্ণতা লাভ করবে। শিক্ষণীয় এই সফরটি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে আমরা খুবই আনন্দিত।’
ফিড মিলের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ বিপ্লব কুমার সরকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'আধুনিক প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মানসম্মত ও নিরাপদ পশুখাদ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। ফিড উৎপাদনের প্রতিটি ধাপে গুণগত মান নিয়ন্ত্রণ, সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সর্বোচ্চ মান বজায় রেখে উৎপাদন কার্যক্রম পরিচালনা করি। শিক্ষার্থীরা আজ এখানে এসে বাস্তব উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করেছে, যা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে কাজে লাগবে বলে আমরা বিশ্বাস করি।
