স্টাফ রিপোর্টার : ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও বিএনপির সহপরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, সাভারে অনেক মহিলারা মাদক ব্যবসার সাথে জড়িত। একই সাথে এখানে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে দুই থেকে তিন লক্ষ লোক জড়িত। তিনি বলেন, আমি অনুসন্ধান করে দেখেছি বেশ কয়েক স্থানে বাবা ছেলে, মা মেয়ে, বউ শাশুড়ি, মেয়ের জামাইসহ পরিবারের প্রায় সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। বলা যায়, সাভারে ঘরে ঘরে মাদক ব্যবসা চলছে।
সংসদ সদস্য আরও বলেন, সবচে বড় মাদক ব্যবসায়ি শামীমকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি ঘর গুড়িয়ে দেয়া হয়েছে। সাভার ও আশুলিয়া থানার এতো স্বল্প সংখ্যক পুলিশ সদস্যদের দিয়ে এতো বৃহৎ এলাকা ও জনগোষ্ঠীর দায়িত্ব পালন করা সম্ভব নয়।
তিনি বলেন, সাভারে বৃহৎ মাদক জোন হিসেবে পরিচিত পৌর এলাকার বেদে পল্লীতে বেশীর ভাগ মানুষ এ ব্যবসার সাথে জড়িত। তাই শীঘ্রই সেখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করার চেষ্টা চলছে। যেকোন ভাবেই হউক সাভারে কোন মাদক ব্যবসায়ী বসবাস করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ার মোহাম্মদ সালাউদ্দিন।
বৃহস্পতিবার (১৮ জুন) সাভার সাব রেজিষ্ট্রার অফিসের সামনে সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। এসময় তিনি আরও বলেন, এবারের বাজেট অনেক ভালো হয়েছে। কিন্তু বিরোধী দল বলছে, বাজেট ভালো হয়নি। তারা সবসময় সরকারের সমলোচনা করেন। তিনি সাভার সাব রেজিষ্ট্রার অফিসকে আধুনিক একটি কম্পপ্লেক্স করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি আকতার হোসেন বেপারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আলহাজজ্ব মো: রেফাত উল্লাহ, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাব রেজিষ্ট্রার এস এম রুবেল পারভেজ, বিএনপি নেতা দেওয়ান মাইন উদ্দিন বিপ্লব, পৌর সভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম প্রমুখ।
