বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভার বাসস্ট্যান্ডে হকার উচ্ছেদ অভিযান, স্বস্তি জনমনে
daily-fulki

সাভার বাসস্ট্যান্ডে হকার উচ্ছেদ অভিযান, স্বস্তি জনমনে

 

স্টাফ রিপোর্টার : সাভার বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের দু'পাশে অবৈধভাবে বসানো হকার ও অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সাভার উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

অভিযান চলাকালে মহাসড়কের দুই পাশে ফুটপাত ও সড়ক দখল করে বসানো বিভিন্ন অস্থায়ী দোকানপাট ভেঙে ফেলা হয়। পরে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এসব অবকাঠামো অপসারণ করে গাড়িযোগে নিয়ে যান। অভিযানের খবর পেয়ে অনেক হকার আগেই তাদের মালামাল ও স্থাপনা সরিয়ে নেন।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সাভার দলিল লেখক কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা: দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু সাভার বাসস্ট্যান্ড এলাকায় হকার উচ্ছেদের বিষয়ে কথা বলেন। তার ওই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

উচ্ছেদ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ছাত্রদল নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তাদের মতে, দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানোর কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। প্রশাসনের এ উদ্যোগে সাধারণ মানুষের চলাচল সহজ হবে।

সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, মহাসড়কের দুই পাশে অবৈধভাবে কেউ নতুন করে দোকানপাট বসানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বাধিক পঠিত