বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সিংগাইরে মাটি খেকো চক্রের বিরুদ্ধে মধ্যরাতে অভিযান, ১ মাসের কারাদণ্ড
daily-fulki

সিংগাইরে মাটি খেকো চক্রের বিরুদ্ধে মধ্যরাতে অভিযান, ১ মাসের কারাদণ্ড

 

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমির উর্বর মাটি কেটে পরিবেশ ও কৃষির ক্ষতি করে আসা মাটি খেকো চক্রের বিরুদ্ধে মধ্যরাতের বিশেষ অভিযান চালিয়ে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর অকার্যকর করা হয়েছে এবং দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার ভোর ৩টা পর্যন্ত উপজেলার চারিগ্রাম ও চান্দহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন -উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।
অভিযানে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে নবাবগঞ্জ উপজেলার দুধঘাটা এলাকার বাবুল মোল্লার ছেলে পারভেজ মোল্লাকে  (৩০) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও স্থানে সরবরাহ করে আসছিল। এর ফলে কৃষিজমির উৎপাদনক্ষমতা হ্রাস পাওয়ার পাশাপাশি পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ এবং গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর অকার্যকর করা হয়। এছাড়া মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন  বলেন, “কৃষিজমি দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও কৃষির ক্ষতি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, প্রশাসনের এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন । তাদের মতে,  নিয়মিত অভিযান পরিচালিত হলে অবৈধ মাটি কাটা বন্ধ হবে এবং কৃষিজমির উর্বরতা ও পরিবেশ রক্ষা পাবে।

 

সর্বাধিক পঠিত