ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে এতিহ্যবাহী ধামরাই সরকারি কলেজে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আজ বুধবার (১৭ জুন) ৫৪ বছর পর প্রথমবারের মতো দুটি দ্বিতল বাসের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ¦ তমিজ উদ্দিন। এতে প্রতি শিক্ষার্থী ৪০ কিলোমিটার যাতায়াত করলে মাত্র ৪০ পয়সা খরচ হবে। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
আজ বুধবার সকাল এগারটার দিকে পরীক্ষামূলকভাবে দুটি রুটে দুটি দ্বিতল বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। ধামরাইয়ের কাওয়ালীপাড়া থেকে একটি ও সাভারের জিরানী থেকে আরেকটি বাস চলাচল করবে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের কাছ থেকে জানা গেছে, গ্রামের বিভিন্ন এলাকা থেকে অধিকাংশ শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে। বাসে উঠতে গিয়ে প্রতিনিয়ত শিক্ষার্র্থীদের লড়াই করতে হয়েছে। সড়কে বাসের সংখ্যা কম হওয়ায় বাসে সিট পাওয়া খুবই কষ্টকর। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করায় অনেক শিক্ষার্থীকে বাসের দরজায় ঝুলে যাতায়াত করতে হয়েছে,যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভীড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেশি হয়েছে। আবার ক্লাস শেষে ক্লান্ত শরীর নিয়ে বাসে উঠতে গিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থায় ছিল। এছাড়া যাতায়াত ভাড়ার উচ্চমূল্যের কারণে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছে। এসব দুর্ভোগ অবসানের লক্ষ্যে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করতে কলেজ কর্তৃপক্ষ দুটি দ্বিতল বাস সার্ভিস চালু করায় এখন থেকে সমস্যাগুলো সমাধান হলো।
পরিবহন কমিটির আহবায়ক ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ শফিউল্লাহ বলেন, ‘উপজেলা পর্যায়ের একটি সরকারি কলেজে নিজস্ব বাস সার্ভিস চালু করা সত্যি চ্যালেঞ্জিং কাজ। অধ্যক্ষ মহোদয়ের উদ্যোগে ও সহযোগিতায় আমরা এটি বাস্তবায়ন করতে পেরেছি। শিক্ষার্থীরা যেন নিয়ম মেনে, নিরাপদে বাস ব্যবহার করে-সেটিই আমাদের প্রত্যাশা’।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইফতেকার আলী বলেন, দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা এ কলেজে পড়াশুনা করতে আসে। এতে দৈনিক যাতায়াতের জন্য প্রতি শিক্ষার্থী ১০০-১৫০ টাকা খরচ হতো। তাদের সুবিধার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ভাড়া বাবদ প্রতিশিক্ষার্থীর মাত্র ৪০ পয়সা খরচ হবে।
উদ্বোধনকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ তমিজ উদ্দিন বলেন, এ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কোন বাস ছিলনা। এতে যাতায়াতে শিক্ষার্থীদের বেশ অসুবিধা হতো। এ বাস সার্ভিস চালুর ফলে শিক্ষার্থীদের ভোগান্তি কম হবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হলো।
ধামরাই সরকারি কলেজ ১৯৭২ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়। ১৯৭৭ সালে উচ্চ মাধ্যমিক,১৯৯৫ সালে স্নাতক (পাশ),২০১০ সালে স্নাতক (সম্মান) এবং ২০১৮ সালে স্নাতকোত্তর পাঠদানের অনুমতি পায়। ১৯৮৪ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা হয়। সাবেক সংসদ সদস্য প্রয়াত জামাল উদ্দিন আহমদ প্রতিষ্ঠায় ভ’মিকা রাখেন। ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী সরকারি কলেজের প্রায় ১৪ হাজার শিক্ষার্থী রয়েছে। অধিকাংশ শিক্ষার্থী গ্রামের বাড়ি থেকেই যাতায়াত করে।
