মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হেরোইনসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের আটকের পর দীর্ঘদিনের ক্ষোভের জেরে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন অভিযুক্ত মাদক কারবারির বাড়ি ভাঙচুরের পর আগুন দিয়েছেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার ঘিওর সদর ইউনিয়নের গোলাপনগর কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ঘিওর থানার পুলিশ গোলাপনগর কুঠিবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কথিত মাদক কারবারি মমতাজ বেগম ওরফে মম (৪৫), তাঁর স্বামী শামছুল আলম খোকন (৫২) ও ছেলে রাহিম মিয়া মানিককে (২৫) আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৬৮ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির ১৬ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের আটকের খবর ছড়িয়ে পড়লে দুপুর ১২টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী তাঁদের বাড়িতে ভাঙচুর চালায়। একপর্যায়ে বাড়ির একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে রান্নাঘরসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ঘিওর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, হেরোইনসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ মামলার আরও এক আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাটিও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
