আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার পৃথকস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
এরআগে মঙ্গলবার (১৬ জুন) রাতে আশুলিয়ার পবনারটেক বাগবাড়ী রোডস্থ মইনুলের গ্যারেজের সামনে থেকে এবং গৌরিপুর হংকং ফ্যাক্টরির গেটের সামনে থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-ঢাকা জেলার আশুলিয়া থানার পবনারটেক এলাকার মোঃ সানোয়ার (৪২) এবং মানিকগঞ্জের কাঠিগ্রাম এলাকার রফিক (৪৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার পবনারটেক এলাকা থেকে মোঃ সানোয়ারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে হালকা গোলাপি রঙের ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে আশুলিয়ার গৌরিপুর এলাকার হংকং ফ্যাক্টরির গেটের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ রফিককে গ্রেপ্তার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আশুলিয়া থানা এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাস দমনসহ অপরাধ নির্মূলে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
