ধামরাই প্রতিনিধি : ২০২৬ বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি অলিগলিতে। ধামরাইয়ে ফুটবলপ্রেমীদের এক অভিনব উদ্যোগে একটি সাধারণ বেইলি ব্রিজ রূপ নিয়েছে এক টুকরো বিশ্বকাপের মঞ্চে। নানা দেশের পতাকায় সেজে ওঠা এই সেতুটি এখন স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে ‘ফিফা ব্রিজ’ নামে।
ধামরাইয়ের শরীফবাগ এলাকার এই বেইলি ব্রিজে এখন উড়ছে বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা। তবে বরাবরের মতোই এখানে সবচেয়ে বেশি চোখে পড়ে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের তৈরি করা পতাকার দীর্ঘ সারি।
খেলা শুরুর আগে কিংবা ম্যাচ শেষে ফুটবলপ্রেমী ও দর্শক-সমর্থকদের আড্ডার প্রধান কেন্দ্রবিন্দু এখন এই ব্রিজ। কে চ্যাম্পিয়ন হবে, কোন তারকা গোল করবেন আর কার দল বাড়ি ফিরবে এসব সমীকরণ নিয়েই দিন-রাত চলছে প্রাণবন্ত আলোচনা আর বন্ধুত্বপূর্ণ তর্ক-বিতর্ক।
মাঠের খেলা শত শত কিলোমিটার দূরে হলেও ধামরাইয়ের এই স্পটে উন্মাদনার কোনও ঘাটতি নেই।
স্থানীয় তরুণদের উদ্যোগে সাজানো এই ‘ফিফা ব্রিজ’ এখন ছবি তোলা, আড্ডা আর খেলা বিশ্লেষণের জন্য জনপ্রিয় এক মিলনস্থলে পরিণত হয়েছে।
এদিকে তরুণেরা যখন লাতিন বা ইউরোপিয়ান পরাশক্তিদের নিয়ে ব্যস্ত, তখন এলাকার প্রবীণদের অনেকেই আবার নিজেদের সমর্থনের কথা জানাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের পক্ষে।
সমর্থকদের মাঝে দলভেদে মতের বিস্তর পার্থক্য থাকলেও, পারস্পরিক সম্প্রীতি ও সম্পর্কে কোনও বিভাজন নেই। পতাকার রঙ আলাদা হলেও ধামরাইবাসীর কাছে উৎসব একটাই-ফুটবল।
ধামরাইয়ের এই ‘ফিফা ব্রিজ’ যেন আরও একবার প্রমাণ করল, খেলার সবচেয়ে বড় শক্তি মানুষকে এক সূতোয় গেঁথে রাখা।
